‘বিগত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে’

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু বলেছেন, বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার শিক্ষার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তরে গড়ে ওঠে উল্লেখ করে তিনি এ পর্যায়ের শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শুক্রবার (১২ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে এম জুবায়ের আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান ও ছয়ফুল হক এবং সহকারী শিক্ষক সাবলু মিয়া, মনির হোসেন, মমতাজ বেগম, আব্দুস শহীদ ও সজল সরকার প্রমুখ।

মতবিনিময় সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। তারা জানান, সারা দেশে ৩৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলায় প্রায় ৮০টি প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। প্রধান শিক্ষকের সংকটের কারণে বিদ্যালয় পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া উপজেলার কয়েকটি বিদ্যালয় জনসাধারণের দখলে থাকায় শ্রেণি কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

সরকার গঠনের পর নতুন পে-স্কেল ঘোষণার উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান শিক্ষকরা। তারা আরও বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা শার্ট, প্যান্ট ও জুতা পাবে। আগামী মাসে এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বড়লেখা প্রাথমিক শিক্ষক সমিতির মালিকানাধীন জায়গার একটি অংশ ভরাট করে সেখানে একটি হলরুম নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ জানান শিক্ষক নেতারা।