চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জ জেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

শনিবার (১৩ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ২ জন পুরুষ, ৮ নারী ও ৫ জন শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ওই চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। ঘটনাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।