বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

নিজের একটি ছোট ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ‘স্টোরি’তে এক পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর জানান।

জাইমা রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করতে চাই। দেশের আদালতে আইন পেশা পরিচালনার লক্ষ্যে আজ আমি বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এবারের এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে প্রাথমিক ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

নিয়ম অনুযায়ী, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির দিকনির্দেশনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে একজন প্রার্থীকে মোট তিনটি ধাপে (এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হয়। 

এই তিন ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনার আইনি বৈধতা পাবেন।