আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
বোর্ডের তথ্যমতে, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সর্বমোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্র রয়েছে। তালিকার পাশাপাশি কেন্দ্র কোড, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবরণও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কোনো সিনিয়র অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট কলেজ থেকে কেন্দ্র ফির টাকা নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ গোপনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। প্রতিদিনের পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর-এর প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।
অন্যদিকে, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে তা মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।
এ ছাড়া পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসাররা তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে সার্বিক দায়িত্বে থাকবেন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজনের মৃত্যু