জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং জ্বালানিসহ গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
শুক্রবার (১২ জুন) ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে তাকাইচি বলেন, উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে প্রয়োজনীয় পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে নিজের তুলনা করেন।
তিনি হরমুজ প্রণালিকে ‘আন্তর্জাতিক জনস্বার্থের সম্পদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে জাপান ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।
তাকাইচির মতে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক অস্থিরতা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় প্রতিটি দেশের নিজস্ব সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি কতটা গুরুত্বপূর্ণ।
নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গে তিনি জানান, জাপান, যুক্তরাজ্য ও ইতালির যৌথ উদ্যোগে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্প এগিয়ে চলছে। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে হস্তান্তর নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে ইউরোপের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, উন্নত কৌশলগত অংশীদার হিসেবে জাপান ও যুক্তরাজ্য জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করবে।
আগামী সপ্তাহে ব্রিটেন, ইতালি ও ফ্রান্স সফরের আগে দেওয়া এ বক্তব্যে তাকাইচি বলেন, মুক্ত ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা এবং শক্তিশালী করার লক্ষ্যে জাপান তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।