সাতশো'র বেশি আফগান শরণার্থীদের মুক্তি দিল পাকিস্তান

পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে গত এক সপ্তাহে ৭৬৩ জন আফগান নাগরিককে মুক্তি দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মুক্তিপ্রাপ্ত আফগানরা তোরখাম ও স্পিন বোলদাক সীমান্ত দিয়ে নিজ দেশে প্রবেশ করেছেন। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ তথ্য জানিয়েছে। 

এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন পাকিস্তানে বৈধ কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার কার্যক্রম চলছে। গত দুই বছরে এ অভিযানের ফলে বিপুলসংখ্যক আফগান নাগরিক আটক, বহিষ্কার বা বাধ্য হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

পাকিস্তান সরকার জানিয়েছে, বৈধ আবাসন বা বসবাসের অনুমতিপত্র নেই,এমন বিদেশি নাগরিকদের দেশ ছাড়তে হবে।

অন্যদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা আফগান নাগরিকদের ব্যাপক হারে আটক ও ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, দেশে ফিরে অনেক আফগানই বাসস্থান, কর্মসংস্থান এবং মানবিক সহায়তার সংকটে পড়ছেন। আফগানিস্তানের বিদ্যমান অর্থনৈতিক সংকটের কারণে প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।