‘গুপ্তচর’ সন্দেহে লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান। বিশেষ করে দেশটির ভেতরে লুকিয়ে থাকা সন্দেহভাজন ইসরায়েলি বা পশ্চিমা গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অবস্থান তেহরানের।

তার নেতিবাচক প্রভাব পড়েছে ইরানে থাকা ‘অবৈধ’ আফগান শরণার্থীদের ওপর। তাদেরকে ধরপাকড় ও জোরপূর্বক দেশছাড়া করার হার বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘ বলছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া ৭০ শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

ইরানে বসবাসরত আফগানরা বলছেন যে, মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায়, বাজারে অপমান করা হচ্ছে এবং ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এর আগে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, শুধু জুন মাসেই ২ লাখ ৫৬ হাজারের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছে। এছাড়া চলতি বছর ইরান ও পাকিস্তান থেকে দশ লাখেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অনেকেই অভিযোগ করেন, সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন। কেউ কেউ বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি বলেন, আফগানরা পরিশ্রমী, তবে ইরান অতিরিক্ত চাপ নিতে পারছে না। গত দুই-তিন বছরে যারা ইরানে এসেছে, তাদের অনেকেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে।

সরকারি হিসেব অনুযায়ী, ইরানে প্রায় ৬০ লাখ আফগান বাস করে। তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা অজানা। জাতিসংঘের হিসেবে, প্রায় ২০ লাখ আফগান কাগজপত্র ছাড়াই ইরানে বসবাস করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত