ছিঁড়ে যাচ্ছে শহরের লিগামেন্ট
কারও কিচ্ছু করবার নেই,
ক্রমবর্ধমান পেটসমূহে জমে উঠছে
বিষাক্ত বুদবুদ—
সন্তান ছেড়ে যাচ্ছে বাড়ি
পুরুষ ছেড়ে যাচ্ছে নারী
সেক্সটয়ের রমরমা ব্যবসা এখন
চোখের কোনায় জমে আছে পুঁজির মার্বেল
তালুবৎ বিশ্বটাকে হ্যাঙওভার করে চলে যাচ্ছে মনু
দূরে বালুর সমুদ্রে মরে পরে আছে এক বয়োবৃদ্ধ উট
ছিঁড়ে যাচ্ছে শহরের লিগামেন্ট
মাত্রাতিরিক্ত সতর্কতায় মানুষগুলো কেবলি অসতর্ক হচ্ছে
ডিম ফুটছে আর সংখ্যাসমূহ স্কয়ার ও কিউবে রূপলাভ করছে
আমাদের ভেতরে ক্রমশই বেড়ে উঠছে একক নিঃসঙ্গতা।