কুমিল্লা মুরাদনগরে দুই মাদকসেবীকে ১৫ দিন করে সাজা দিয়ে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ( ১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এই জেল জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলো, নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)।
জানা যায়, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে মাদকসেবী ইমন ও নাজমুলকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি নষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইমন ও নাজমুলকে ১৫ দিন করে জেল ও ২০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া মাদকের সাথে জড়িত কাউকে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান মুরাদনগর উপজেলার ইউএনও এবিএম সারওয়ার রাব্বি ও মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।