ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ রেখে যেতে হবে : কৃষিমন্ত্রী 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, অন্যকে ভালো হওয়ার আহ্বান জানানোর আগে প্রত্যেককে নিজেকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও বাসযোগ্য সমাজ রেখে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

শনিবার (১৩ জুন) কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখা আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজ ও মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো নৈতিক দায়িত্ব। পূর্বসূরিদের ইতিবাচক কর্ম ও অবদানের কারণেই বর্তমান প্রজন্ম একটি উন্নত সমাজ পেয়েছে। তাই সমাজের কল্যাণে কাজ করা মানুষদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজে নানা সীমাবদ্ধতা থাকলেও পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ দেয়া হয়। এ বছর সম্মাননা লাভ করেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বদরুল হুদা জেনুকে এ সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির বিভিন্ন উপজেলা শাখার নেতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।