জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাজেট জনআকাঙ্ক্ষা পূরণ করবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ বাজেট জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে না। এটি সাধারণ মানুষের কল্যাণের বাজেট নয়, বরং দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনের লুটপাটের বাজেট হয়ে দাঁড়াবে।
শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ায় জেলা জামায়াত ট্রাস্ট কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, প্রশাসন, কর কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও বিচার বিভাগে দুর্নীতি কমানো না গেলে কোনো বাজেটই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে বাজেটের অর্থ দলীয় কর্মীদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে এবং এর কোনো জবাবদিহিতা থাকবে না।
গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে।
তার ভাষ্য, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে।
গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপিও তখন সেই অবস্থানের পক্ষেই ছিল। কিন্তু সরকার গঠনের পর তারা গণভোট ও সংবিধান সংস্কার পরিষদকে বেআইনি বলতে শুরু করেছে। এতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়ে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
জামায়াতের নেতা বলেন, বিরোধী দলকে দমন করে কিংবা বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করে গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থের অনুকূলে নয়। ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসেন ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী প্রমুখ।