নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। এর আগে ভিডিও দেখে আটক ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।
মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামিসহ ৩৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ও মাজহারুল ইসলাম, যুবলীগ কর্মী শাহজাহান খান, আতাউর রহমান ও হযরত আলী।
পুলিশ, স্থানীয় ও বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফাজিলপুর বাজার এলাকায় হঠাৎ মিছিলটি বের হয়। পরে মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা হাতে শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। পেছনে ৬০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট দেখা গেলেও বেশির ভাগের মুখ খোলা ছিল। অনেকের হাতেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে সংসদ সদস্য আহমদ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন দেখা যায়।
এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।