পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ওয়াসা।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম ওয়াসার নাসিরাবাদ রিজার্ভার ও বুস্টার কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলজ আম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, আগামী ১৮০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির প্রায় ৩ হাজার ২০০টি বৃক্ষরোপণের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় এসব বৃক্ষরোপণের কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনের পর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ)সহ উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।