ফটিকছড়িতে জিপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:০৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে জিপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভীন আকতার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নের সৈয়দপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন আকতার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাবিলাস তালুকদার বাড়ির বাসিন্দা ও মো. আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফেরা দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে অটোরিকশাযোগে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। পথে সুলতানিয়া রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধানবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই জিপগাড়ির (চান্দেরগাড়ি) সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত পারভীন আকতারের তিন কন্যা ও দুই ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত