মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কুমারখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন (৪২)।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুমরাখালী গ্রামে অভিযান চালিয়ে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের শিরু মিয়ার ছেলে ও দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি।

ওসি আরও জানান, আগেরদিন শুক্রবার রাতে সংঘর্ষে টেঁটাবিদ্ধ মো. ইয়ামিনের (১৫) মা রুনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞানমানা আরও ৭-৮ জনকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদিন ও দেলোয়ার মাতবরের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়।