বাঁশখালীতে পুলিশের বিশেষ মহড়া ও অভিযানে গ্রেপ্তার ১

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:০৮ এএম

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ মহড়া ও অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী, উত্তর জলদী বড়ুয়া ও পূর্ব জলদী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় তালিকাভুক্ত অপরাধীদের বাসভবনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয় এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, থানার অপারেশন অফিসার (এসআই) মো. আরিফ হোসেনসহ অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে অভিযান চলাকালে শনিবার রাতে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার অলিমিয়ার দোকানসংলগ্ন স্থান থেকে বোরহান উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।

তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান প্রসঙ্গে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এলাকার মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত