ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন বাবুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সবুজ (২৪) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা মো. মাকসুদ ও জাহানারা বেগম দম্পতির ছেলে। আহত সবুজের বাড়ি ঘটনাস্থলের পাশেই।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বোরহানউদ্দিন পৌর ভবনের সামনে থেকে ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এদিকে শোভাযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে উপজেলা সদরের দিকে আসছিলেন ইসমাইল। পথে দৌলতখান রাস্তার মোড় এলাকায় পৌঁছালে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কংক্রিটের ব্লকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় মোটরসাইকেলটি পথচারী সবুজকেও ধাক্কা দিলে তিনিও গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রাটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটে। পরে তারা ইসমাইলকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, খবর পেয়ে তারা হাসপাতাল গিয়েছেন। তবে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।