চলে গেলেন জিন শ্যালিত

হলিউডের প্রবাদপ্রতিম চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক জিন শ্যালিত ১০০ বছর বয়সে বিদায় নিলেন। দীর্ঘ চার দশকের বর্ণিল ক্যারিয়ারে তিনি ছিলেন বিনোদন সাংবাদিকতার এক জীবন্ত কিংবদন্তি। এনবিসি নেটওয়ার্কের বিখ্যাত ‘দ্য টুডে শো’তে দীর্ঘ ৪০ বছর (১৯৭০-২০১০) জনপ্রিয় ‘ক্রিটিকস কর্নার’ পরিচালনার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন মার্কিন টেলিভিশনের পরিচিত মুখ। চশমার মোটা ফ্রেম আর সিগনেচার বো-টাই পরা জিন শ্যালিত তার তীক্ষè রসিকতা ও শব্দের জাদুকরী ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। স্টিভেন স্পিলবার্গ থেকে হ্যারিসন ফোর্ড, হলিউডের সব বড় তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। টিভির আগে ‘লুক ম্যাগাজিন’-এ সমালোচক হিসেবে কাজ করা এই সাংবাদিকের ‘গ্রেট হলিউড উইট’ বইটি বেশ সমাদৃত। এ বছরের শুরুতেই শতবর্ষ পূর্ণ করা এই কীর্তিমান মানুষের প্রয়াণে বিশ্ব বিনোদন সাংবাদিকতায় একটি অনন্য যুগের অবসান ঘটল। তার প্রস্থান হলিউডের সিনেমার আঙিনায় অপূরণীয় শূন্যতা তৈরি করল।