নৈতিক অবক্ষয় ও গ্রামীণ সমাজের বদলে যাওয়া প্রেক্ষাপট নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। আজ থেকে প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হবে। মো. শাহাদাৎ হোসেনের মূল গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
তারকাখচিত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া ও সাগরিকা।
নাটকের মূল উপজীব্য প্রসঙ্গে পরিচালক আকাশ রঞ্জন জানান, এক সময় সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে প্রবল সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সম্মানবোধ ছিল। কিন্তু সময়ের আবর্তে রাস্তাঘাটের উন্নয়ন হলেও মানুষের মানসিকতায় নেতিবাচক পরিবর্তন এসেছে। আগের মতো খেলার মাঠ নেই, উধাও হয়ে গেছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসব। বর্তমানের যুবসমাজ এখন বুঁদ হয়ে থাকে মোবাইল স্ক্রিনে। সমাজকে গ্রাস করেছে অমানবিকতা। গ্রামের মানুষের এই নৈতিক ও মানবিক অবক্ষয়ের চিত্রই নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।