বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ব্যারাক থেকে আজিজুর রহমান নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আজিজুর রহমান ওই ব্যাটালিয়নে ‘নায়েক’ পদে কর্মরত ছিলেন।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন।’

এদিকে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় সেখানে ঝুলন্ত রশি পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।