ছাত্রদলের অভিযোগ

গুমের সংস্কৃতি চালু হওয়ার ‘প্রোপাগান্ডা’ ছড়িয়েছে শিবির

দাউদকান্দিতে ‘নিখোঁজ’ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগ এবং তাকে গুম সাজিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার কেন্দ্র করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি ছাত্রদল। সমাবেশে সংগঠনটির নেতারা গুমের অভিযোগ নিয়ে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগও তোলে। গতকাল শনিবার রাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হয়ে শাহবাগ মোড়ে শেষ হয়। 

প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রশিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি। তারা ভুক্তভোগী নারীর নাম উল্লেখ করে প্রেস রিলিজ ও সামাজিক  মাধ্যমে প্রচার করেছে। কথায় কথায় তারা ইসলামের কথা, নারীর অধিকারের কথা বলে; কিন্তু তাদের আসল চরিত্র কর্মকা-েই প্রকাশ পেয়েছে। বিগত দুই বছরে তারা মবকে উসকে দিয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে প্রোপাগান্ডা ও মিথ্যাচার ছড়িয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রেমের সম্পর্কের কারণে অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগের বিষয়ে তারা কোনো বিচার করেনি।