শিক্ষামন্ত্রী জানালেন

ছেলে শিক্ষার্থীদেরও দেওয়া হবে উপবৃত্তি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার সর্বপ্রথম মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিল। এবার ছেলে শিক্ষার্থীদেরও উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশের শতবর্ষী সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে ক্রমান্বয়ে সরকারিকরণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২ হাজার ৫০০ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সঙ্গে আলোচনা করা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি করা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে ও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমার ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার।