গোলাম পরওয়ার বললেন

জুলাই সনদ ছাড়া বাজেট জনআক্ষাংকা পূরণ করবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসন, কর কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও বিচার বিভাগে দুর্নীতি কমানো না গেলে কোনো বাজেটই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে বাজেটের অর্থ দলীয় কর্মীদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে এবং এর কোনো জবাবদিহি থাকবে না। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ বাজেট জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করবে না। এটি সাধারণ মানুষের কল্যাণের বাজেট নয়, বরং দলীয় কর্মীদের ভাগ্য পরিবর্তনের লুটপাটের বাজেট হয়ে দাঁড়াবে।’ গতকাল শনিবার ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ায় জেলা জামায়াত ট্রাস্ট কার্যালয়ে ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমই আমাদের উদ্দেশ্য’ শীর্ষক উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। তার ভাষ্য, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি বলেন, ‘গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছে। বিএনপিও তখন সেই অবস্থানের পক্ষেই ছিল। কিন্তু সরকার গঠনের পর তারা গণভোট ও সংবিধান সংস্কার পরিষদকে বেআইনি বলতে শুরু করেছে। এতে জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের বিষয়ে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।’