মঞ্চস্থ হলো ‘লাইফ এক্সপ্রেস’

ট্রেনের যাত্রার রূপক আর জীবনের বিচিত্র টানাপোড়েন—সব মিলিয়ে আবৃত্তি প্রযোজনা ‘লাইফ এক্সপ্রেস... আমাদের জীবন গাড়ি’ মঞ্চে এক নতুন আবহ তৈরি করল। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়। তরুণ শিল্পীদের সম্মিলিত উদ্যোগ আর আবৃত্তিশিল্পী মাহফুজ রিজভীর গ্রন্থনা ও নির্দেশনায় এই আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিল আবৃত্তি সংগঠন ‘স্বর ব্যাঞ্জন বাচনিক উৎকর্ষ ও চর্চা কেন্দ্র’।

প্রযোজনাটিতে ট্রেনের যাত্রার আড়ালে মানবজীবনের সুখ, সংগ্রাম ও মনস্তাত্ত্বিক জটিলতাকে আবৃত্তিশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। মঞ্চে প্রাণবন্ত পরিবেশনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মাহফুজ আহমেদ, সেমন্তী রোদসী, অমিয়া অমানিতা, পঙ্কজ পান্ডে, সাবিহা সেতু, সোনিয়া চৌধুরী, আজিম রানা, রেজওয়ানুল কবির সুমন, সুপ্রভা সেবতী, মনোয়ার মাহমুদ জুয়েল এবং শিরিন ইসলাম।

আবৃত্তি প্রযোজনাটির গ্রন্থনায় স্থান পায় তসলিমা নাসরিন, আরিফ হুসাইন, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, স্বপ্না ভট্টাচার্য, হেলাল হাফিজ, শঙ্খ ঘোষ, শুভ দাশগুপ্ত, মল্লিকা সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, মাহবুব সরদার সবুজ, সুনির্মল বসু, সুবোধ সরকার, আখতারুজ্জামান আজাদ, সঞ্জীব চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, শরৎকুমার মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং শামসুর রাহমানের লেখা।

প্রযোজনাটির নান্দনিক আলোকসজ্জায় ছিলেন প্রখ্যাত লাইট ডিজাইনার অম্লান বিশ্বাস। এছাড়া প্রচারণার চমৎকার ডিজাইন ও অলঙ্করণের দায়িত্বে ছিলেন স্বপ্ন সমুদ্র।

প্রযোজনার নির্দেশক ও গ্রন্থনাকারী মাহফুজ রিজভী বলেন, ‌‘এই প্রযোজনার গ্রন্থনা বিন্যাসের ক্ষেত্রে একটি গল্পকে প্রাধান্য দেয়া হয়েছে, আর তা হলো একটি ট্রেনের যাত্রীদের নিশ্চিন্ত গন্তব্যে পৌঁছানো। কিন্তু সেই ট্রেনটি যখন অপ্রত্যাশিত একটি স্থানে এসে হঠাৎ থমকে যায়, তখন যাত্রীদের মানসিক অবস্থা কেমন হতে পারে। নানাবিধ আশংকার মধ্যেই স্টেশনের প্লাটফর্মে অপেক্ষায় সবাই। প্লাটফর্মটাই হয়ে যাত্রীদের জীবনের গল্পবলার মঞ্চ। সেখানে প্রেম, নারীর জীবন সংগ্রাম, সামাজিক অবক্ষয় আর রাজনীতির বেড়াজালে আটকে থাকা জীবনের কথাগুলো আমাদের কথায় প্রতিবিম্বত হয় মঞ্চে।’

তিনি আরও বলেন, ‘একজন আবৃত্তিকর্মী হিসেবে দীর্ঘ সময় কাজ করার সুবাদে আবৃত্তি শিল্পের ধারাবাহিকতায় যে ক্ষুদ্র অভিজ্ঞতা জমা হয়েছে, সেই নিরিখে লাইফ এক্সপ্রেস প্রযোজনার পরিবেশন শৈলিতে আজকের সময় এবং দর্শক যোগাযোগ বিষয়টাকে বিবেচনায় রাখার চেষ্টা করেছি। সেইসাথে দর্শনির বিনিময়ে আবৃত্তি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আবৃত্তি অঙ্গনের সহকর্মীরা সাহস জুগিয়েছেন। আবৃত্তি অঙ্গনে এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই বিশ্বাস করি।’

দর্শনির বিনিময়ে আয়োজিত এই নান্দনিক আবৃত্তি সন্ধ্যায় সংস্কৃতি অঙ্গনের মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ দর্শক-শ্রোতা।