বাড়ি থেকে ডেকে নিয়ে কসাই আরিফকে হত্যা

মুন্সীগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে আরিফ বেপারী (৩০) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৪ জুন) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় নিজের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয় হাট-বাজারে কসাই হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, টাকা লেনদেন নিয়ে আরিফের ছোট ভাই আকাশের সঙ্গে স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের বিরোধ চলছিল। এই ঘটনার জেরে গতকাল শনিবার সকালে মুন্সীরহাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্বজনদের দাবি, আকাশকে না পেয়ে প্রতিপক্ষ ও তার লোকজন পরিকল্পিতভাবে আরিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) কামরান হাসান বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’