দীর্ঘদিন ধরে ভোটার হিসেবে অংশ নিলেও আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন অঙ্গার’খ্যাত চিত্রনায়িকা জলি। এরইমধ্যে ভোটারদের কাছে নিজের জয়লাভের প্রত্যাশায় ভোট চাইছেন এই নায়িকা। জলি জানান, আসন্ন ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে প্রতিযোগিতা করবেন তিনি।
জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা অঙ্গার দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।
তিনি জানান, আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।
প্রসঙ্গত, অঙ্গার ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ডেঞ্জার জোন’ প্রভৃতি।