বরগুনার তালতলীতে মো. ফারুক হোসেন নামে এক পুলিশ সদস্য চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন (৫২) ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল মো.ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে রবিবার সকালে পুলিশ ব্যারাকে যায় এবং সকালের কোনো এক সময়ে তিনি গ্যাসের ওষুধ সেবন করেন। পরে সকাল সোয়া ৯টায় অসুস্থ অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে অনেকগুলো চিরকুট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবেন যে সে স্টোক করে মৃত্যু বরণ করেছে। আমার ডেট সার্টিফিকেটের সঙ্গে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, আমার লাশ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায় তাহলে সে মারা যাবে। একই সঙ্গে ভাই ও জামাইর নাম্বার লিখে দেওয়া হয়েছে চিরকুটে।
আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ সকালে দিকে আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। আর চিরকুটে তেমন কিছুই লেখা নেই। তার পরিবারের বিভিন্নজনকে উদ্যেশ্য করে চিরকুট লেখেন।
তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।