ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল রবিবার (১৪ জুন) তেহরানে পৌঁছেছে। ইরানি গণমাধ্যম ও কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে এ আলোচনার জন্য তেহরানে পাঠানো হয়েছে।
অন্যদিকে ইরানি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সফরটির উদ্দেশ্য হলো চলমান কূটনৈতিক প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা।
পরিস্থিতি সম্পর্কে অবগত এক কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, “কাতারের আলোচকরা আজ সকালে তেহরানে পৌঁছেছেন।”
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রতিনিধি দলটি সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত করতে সহায়তার লক্ষ্যেই ইরান সফর করছে।
মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানে মধ্যস্থতার ভূমিকায় থাকা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি রবিবারই স্বাক্ষরিত হতে পারে।
তবে এ বিষয়ে এখনো কিছুটা সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা অব্যাহত রয়েছে।
এ অবস্থায় কাতারি প্রতিনিধি দলের এই সফরকে চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।