কবিতা

রাতনামা

মাথার ওপরে আলগা ধোঁয়ার ছাতা
মেঘমনে দেয় হঠাৎ আকাশে উঁকি
কারচুপি রোদ পায়ের তলায় পাতা
বাতাস নিতেছে উড়াল দেবার ঝুঁকি

অথচ রাতের গল্পটা ভুল ছিল
অযথা হাওয়া অচেতন উল্লাসে
বইছিল আর সমস্ত দুলছিল
শুকনো পাতারা উড়ছিল ভুল ত্রাসে

পৌষ বিগত মাঘের খোলায় বসে
হচ্ছিল যেই জার ভোলানোর গান
কই থেকে আসা জোড় কুকুরের শ্বাসে
আলগা হলো সকাল হওয়ার ঘ্রাণ

যদিও সকাল রাতের পরম্পরা
তবুও তাদের আলাদা গন্ধ থাকে 
পৃথক পৃষ্ঠা রৌদ্রের খামে ভরা
অনন্তদের আলগোছে গুঁজে রাখে