মায়া নদী থেকে অবৈধ ট্রলিং বোট, জাল-মাছসহ আটক ৩

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি অবৈধ ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৪ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে শশীভূষণ থানার সুলতান ব্রিজ সংলগ্ন নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন দুলারহাট থানার নুরাবাদ গ্রামের মো. জামাল (৪০), আহম্মেদপুর গ্রামের আবুল কালাম (৪০) ও ফরিদাবাদ গ্রামের মো. সিরাজ (৬০)।

কোস্ট গার্ড জানায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা  বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ছয়টি অবৈধ ট্রলিং জাল ও প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে।

জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় কোস্ট গার্ড।