নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। এজবাস্টনে ডাচদের ১৩৯ রানে আটকে দিয়ে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটি আর শারমিন আক্তারের অপরাজিত ৩৭ রানের ইনিংসে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের তুলে নেয় জ্যোতিরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র চতুর্থ জয় বাংলাদেশের। 

১৪০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। কিছুটা ভাগ্যের সহায়তা পেলেও (ক্যাচ মিস ও থার্ড আম্পায়ারের ক্লোজ কল) ডাচ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন জুয়াইরিয়া। তাকে যোগ্য সঙ্গ দেন দিলারা আক্তার (২৬)। প্রথম উইকেটে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৬৭ রান।

তবে অষ্টম ওভারের শেষ দুই বলে ক্যারোলিন ডি ল্যাঞ্জ জোড়া আঘাত হানলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। প্রথমে ফিফটি করা জুয়াইরিয়া এবং পরের বলেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) সাজঘরে ফেরেন। এরপর দিলারা এবং সোবহানা মোস্তারিও (৪) দ্রুত বিদায় নিলে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে।

মারুফা আক্তার উইকেট উদযাপনে

সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে এই দুজনে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শারমিন ৩২ বলে ৪টি চারের সাহায্যে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন বাবেত ডি লিড। এছাড়া রবিন রাইকের ব্যাট থেকে আসে ১৩ রান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। টাইগ্রেসদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। ঋতু মণি ছিলেন সবচেয়ে কিপটে, ৪ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

  • নেদারল্যান্ডস নারী দল: ১৩৯/৮ (২০ ওভার); বাবেত ৫০, হিদার ১৬; মারুফা ২/৩১, ঋতু ১/১৭।

  • বাংলাদেশ নারী দল: ১৪১/৪ (১৯.১ ওভার); জুয়াইরিয়া ৫০, শারমিন ৩৭*, দিলারা ২৬; ডি ল্যাঞ্জ ২/২৭।

  • ফল: বাংলাদেশ নারী দল ৬ উইকেটে জয়ী।