ফটিকছড়িতে জ্যোতি ফোরামের সবুজ অভিযানে ১০০০ চারা রোপণের অঙ্গীকার

মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি  ফোরামের ব্যবস্থাপনায় ‘৭ম সবুজ অভিযান’ বৃক্ষরোপণ কর্মসূচি ১৩ জুন সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলা শহীদ শফিকুন নূর মওলা বীর প্রতীক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মাইজভান্ডারী লেখক, গবেষক, জ্যোতি  ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা  মো. শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারীর সভাপতিত্বে উক্ত কর্মসূচির প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া। কর্মসূচির শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জ্যোতি ফোরাম ও শোকর-এ মওলা মনজিলের সকল সদস্যদের অংশগ্রহণে ৭ম সবুজ অভিযান উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে ফটিকছড়ি বাজার প্রদক্ষিণ করে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি পরিচালনা করা হয়। পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক  নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মো. শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, সৃষ্টির সেবার লক্ষ্যে পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী করে তুলতে হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, গড়ে তুলতে হবে সবুজ পৃথিবী। গাছ রোপণ করা মানে শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, প্রত্যক্ষভাবে মানুষেরই সেবা। মাইজভান্ডারী দরবার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল মওলা হুজুর হযরত  সৈয়দ মো. হাসান মাইজভান্ডারী (ম.জি.আ.) সমাজকল্যাণে যে নির্দেশনা ও শিক্ষা প্রদান করে যাচ্ছেন, তারই আলোকে  জ্যোতি  ফোরাম ‘সবুজ অভিযান’ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার মাধ্যমে মাইজভান্ডারী আদর্শ বাস্তবায়ন করছে।’ অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি ফোরামের চলতি বছরের ‘৭ম সবুজ অভিযানে’ ১০০০ চারা রোপণের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত। শুভেচ্ছা বক্তব্য দেন  জ্যোতি ফোরামের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পঞ্চানন দাশ,  দৈনিক পূর্বকোণের চিফ ফটোগ্রাফার মিয়া আলতাফ, আল আরাফাহ ইসলামি ব্যাংকের কর্মকর্তা এহসান উল্লাহ। অতিথিদের আলোচনার পর ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। এসময় জ্যোতি  ফোরামের উপদেষ্টা পর্ষদ, কেন্দ্রীয় পর্ষদ ও সকল ইউনিটের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।