ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে: জামায়াত আমির

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৩৫ এএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সাড়ে ১৭ বছর একটা কঠিন অবস্থার মধ্যে ছিলাম। আল্লাহর একান্ত মেহেরবানীতে জাতি সাময়িকভাবে সেই কঠিন অবস্থা থেকে মুক্তি পেয়েছে। তবে আমাদের কাঙ্খিত মুক্তিটা আসেনি। ১৭ বছর পর একটি অর্থবহ নির্বাচন জাতি আশা করেছিল; নির্বাচন সুন্দর হয়েছে কিন্তু ফলাফলটা সুন্দর হয়নি। ফলাফলের ক্ষেত্রে অনেক কিছু করা হয়েছে, এটা অনেকে এখন স্বীকারও করছেন। এ অবস্থায় প্রশ্ন উঠতে পারে আমরা এই নির্বাচন মেনে নিলাম কেন? আমরা কেবল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচন মেনে নিয়েছি। ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারা আর এর থেকে বের হতে পারেনি। 

রবিবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির এসব কথা বলেন। 

সাব্কে আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড এলার্টও বর্তমান সরকার জারি করেনি। তবে বেনজীর আটক হওয়া বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা দুই দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কী? জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না।

জাতীয় সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে বিরোধী দল হিসেবে আমরা চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করব না, মধ্যমপন্থা অবলম্বন করব। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। তিনি বলেন, আজকেও সংসদে একজন দাঁড়ালেন, তিনি আল্লাহর বিধান পর্দার ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করলেন।

সরকারি দল ইতিমধ্যে স্পষ্টভাবে জাতির সাথে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে জামায়াত আমির বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভাল থাকবে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেটে অনেক কিছু এসেছে। কিন্তু দুর্নীতি বন্ধ আর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিনা এ দু’টি বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই। 

গাইবান্ধায় রামমন্দির নির্মাণ কাজ স্থগিত করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উসকানির সৃষ্টি হয় এমন কোন কাজ আমরা মেনে নেব না। সেটা যদি মুসলমানরা করে, তাও মেনে নেব না। অন্য ধর্মের কেউ করলেও মেনে নেব না। এ দেশ আমাদের সবার। যেটা করলে শান্তিশৃঙ্খলা রক্ষা হয় সেটা করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত