ব্রাজিলের গ্রুপে শীর্ষে স্কটল্যান্ড

বিশ্বকাপ ররিবারের ব্যস্ত সূচিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে ড্র করে পয়েন্ট হারিয়েছে, সেখানে দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখল স্কটল্যান্ড। বস্টনের গিলোট স্টেডিয়ামে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে শুভ সূচনা করে গ্রুপ ‘সি’-এর টেবিলের শীর্ষস্থান দখল করেছে স্টিভ ক্লার্কের দল।

মাঠের লড়াইয়ে নামার আগে থেকেই বস্টনের রাস্তায় স্কুল বাসের জানালা দিয়ে পতাকা উড়িয়ে, গান গেয়ে স্কটিশ সমর্থকরা যে উন্মাদনা তৈরি করেছিলেন, তা যেন বিশ্বমঞ্চে ফেরার এক মধুর আবহ তৈরি করেছিল। তবে জয়ের পথে স্কটিশদের ঘাম ঝরিয়ে ছেড়েছে ফিফা র‌্যাংকিংয়ের ৮৩ নম্বরে থাকা হাইতি। অবশ্য সব ছাপিয়ে ১০,২২৪ দিন পর বিশ্বকাপে গোল এবং ১৯৯০ আসরের পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়ে উল্লাসে মেতেছে পুরো স্কটিশ শিবির। 

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখানো স্কটল্যান্ড ১৭ মিনিটে প্রথম সুযোগ পায়; তবে বেন ডকের পাস থেকে স্কট ম্যাকটমিনের শটটি পোস্টে লেগে ফিরে আসে। অবশ্য ২৮ মিনিটে আর ভুল হয়নি। গতিতে হাইতির রক্ষণ ভেঙে বক্সে ঢোকা বেন ডকের পাস থেকে চে অ্যাডামসের শট হাইতি কিপার ঠেকালেও, ফিরতি বলে জন ম্যাকগিনের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এক প্রজন্ম পর বিশ্বকাপে প্রথম গোলের দেখায় উল্লাসে মাতে গ্যালারির হাজারো স্কটিশ সমর্থক।

চলতি আসরে স্কটল্যান্ডের পরের ম্যাচ ২০ জুন, মরক্কোর বিপক্ষে। একই দিনে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে নামবে হাইতি।