গণমাধ্যমের ওপর সরকারের একক নিয়ন্ত্রণের কারণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যম পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রেখে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা যাবে না। এজন্য কেবল তথ্য ও সম্প্রচার খাত নয় বরং পুরো রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর মিডিয়া ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি আয়োজিত ‘তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক জাহিদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. খাদিমুল ইসলাম।