বালুভর্তি ট্রাকসহ বেইলি ব্রিজ খালে

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় একটি বালুভর্তি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক, হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সকাল ৮টার দিকে বালুভর্তি ট্রাকটি শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের মাঝামাঝি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি সরাসরি খালের পানিতে পড়ে যায়। একই সময়ে ব্রিজের ওপর থাকা একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বেইলি ব্রিজটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। আগামী দুদিনের মধ্যে ব্রিজটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলমান থাকায় আপাতত বিকল্প যাতায়াত ব্যবস্থা তৈরি করার সুযোগ নেই।