শত শত কর্মী ছাঁটাই করছে বিবিসি

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের মূল সংবাদ বিভাগে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী সপ্তাহে এ সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।
 
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এফটি জানায়, পরিস্থিতি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিবিসির বিভিন্ন বিভাগকে তাদের ব্যয় প্রায় ১০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহত্তর পুনর্গঠন পরিকল্পনার আওতায় প্রতিষ্ঠানটি থেকে মোট প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই হতে পারে, যার মাধ্যমে কয়েকশ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, এই পুনর্গঠন কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে বিবিসির সংবাদ বিভাগ আগামী সপ্তাহেই তাদের কর্মী ছাঁটাই পরিকল্পনা প্রকাশ করবে।