গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-বগুড়া রেললাইন রোডের উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকার এঘটনা ঘটে।

মৃত লিপি বেগম (৪৫) উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছলে ওই নারী ট্রেনে নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তারা।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওই নারী আগেও কয়েকবার আত্নহত্যার চেষ্টা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।