পটুয়াখালীর দুমকিতে হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মুনতাহা উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল ইসলাম বাবুর মেয়ে।
মৃতের পরিবার জানায়, গত ৩০ মে হামের উপসর্গ নিয়ে মুনতাহাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, উপজেলা হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় কোনো সংকটাপন্ন রোগীকে রাখা হয় না। হাম আক্রান্ত শিশুটির ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।