আর্জেন্টিনার উদাহরণ টেনে ব্রাজিলের পাশে কাকা

বিশ্বকাপের শুরুটা আশানুরূপ হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে আসর শুরু করা সেলেসাওদের পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে চলছে তুমুল সমালোচনা। তবে এমন কঠিন পরিস্থিতিতে দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রাখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। দলকে অনুপ্রেরণা দিতে তিনি টেনে এনেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বজয়ের অতীত উদাহরণও।

২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা মনে করিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচেই বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে যায় না। ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকার কাকা বলেন, “কেউ প্রথম ম্যাচ জিতেই বিশ্বকাপ নিজের করে নেয় না। আমাদের সামনে তো আর্জেন্টিনার সাম্প্রতিক উদাহরণই আছে; যারা প্রথম ম্যাচ হেরেও শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।” 

মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে রীতিমতো কোণঠাসা ছিল ব্রাজিল। ইসমায়েল সাইবারির চমৎকার চিপে পিছিয়ে পড়ার পর ব্যবধান ২-০ হওয়ার জোরালো শঙ্কাও জেগেছিল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচে ফেরে ব্রাজিল। বিরতির পর ক্যাসেমিরো ও রজার ইবানেজকে তুলে নিয়ে আনচেলত্তির করা কৌশলগত পরিবর্তনই ব্রাজিলের চেনা রূপ ফিরিয়ে আনে। কাকা মনে করেন, আনচেলত্তির এই দীর্ঘ অভিজ্ঞতা ও সংকট সামাল দেওয়ার ক্ষমতাই ব্রাজিলকে টুর্নামেন্টে এগিয়ে নেবে। এখানে কাকারভাষ্য, “বিশ্বকাপে কোচ হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা হলেও, চাপের মুখে কীভাবে সমাধান খুঁজতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন।” 

এদিকে, মরক্কো ম্যাচে ত্রাতা বনে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন আরেক কিংবদন্তি রবার্তো কার্লোস। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিকে সমালোচনাকে শক্তিতে রূপান্তরের পরামর্শ দিয়ে বলেন, “ভিনিকে বুঝতে হবে সে বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং সেরা জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলছে। তাকে সমালোচনার মুখোমুখি হয়েই এই দলের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।”