ব্রাজিলের বিপক্ষে সাইবারির এক গোলের দাম ৭২০ কোটি!

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

বিশ্বমঞ্চে ব্রাজিলের রক্ষণভাগ ভেঙে গোল করার পুরস্কারটা হাতেনাতে পেলেন মরক্কোর ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। সেলেসাওদের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোখ ধাঁধানো সেই গোলের ২৪ ঘণ্টা পেরোতেই ভাগ্য খুলে গেল এই তারকার। রেকর্ড ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২০ কোটি টাকারও বেশি) ট্রান্সফার ফিতে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে তাকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 

এই ৫৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফারটি পিএসভি আইন্দহোভেনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি ক্লাবটির ইতিহাসে কোনো খেলোয়াড় বিক্রি করে পাওয়া সর্বোচ্চ ফি, যা তাদের আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ১২ মাসে সাইবারির পারফরম্যান্সের গ্রাফ এতটাই উর্ধ্বমুখী ছিল যে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাকে দলে নিতে মুখিয়ে ছিল। তবে বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি অত্যন্ত দ্রুততার সাথে এই মরক্কোন প্রতিভাকে দলে ভেড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেন। বায়ার্নের সাথে সাইবারির এই চুক্তিটি দীর্ঘমেয়াদী, যা ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকলেও সাইবারির এই দলবদলে কোনো বিলম্ব বা বাধা সৃষ্টি হচ্ছে না। সাইবারির মেডিকেল পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন করার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এটি সম্ভব হচ্ছে কারণ বায়ার্ন মিউনিখের ক্লাব ডাক্তার এই মুহূর্তে জার্মানি জাতীয় দলের সাথে আটলান্টিকের ওপারেই (আমেরিকায়) অবস্থান করছেন। ফলে সাইবারিকে এই মুহূর্তে মিউনিখে উড়ে যেতে হচ্ছে না, বিশ্বকাপের মাঝেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।

বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্টে খেলা সাইবারির জাতীয় দলের সতীর্থ বিলাল এল খানুস এই দলবদলকে সাধুবাদ জানিয়েছেন। স্কাই স্পোর্ট জার্মানিকে তিনি বলেন, "ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সত্যি বলতে, ও জার্মানির বড় কোনো ক্লাবে খেলার মতো একজন অবিশ্বাস্য খেলোয়াড় এবং ও শতভাগ এই সুযোগটি পাওয়ার যোগ্য। আমি ওর ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।"

পিএসভি আইন্দহোভেনে সাইবারির চোখধাঁধো পরিসংখ্যান

ম্যাচ: ১৪২টি অফিসিয়াল ম্যাচ।
গোল ও অ্যাসিস্ট: ৪২টি গোল এবং ২৯টি অ্যাসিস্ট।
শিরোপা: গত তিন মৌসুমে টানা তিনটি ইরেডিভিসি লিগ শিরোপা এবং দুটি কেএনভিবি কাপ জয়

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত