অপহৃত শিশু উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে অপহৃত ২ বছরের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এসময় অপহরণের সঙ্গে জড়িত দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।  

গ্রেপ্তাররা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ চরকালিকাপুর এলাকার মো. সুজন মিয়া (৩১) ও   চাঁদপুর সদরের পুরান বাজার এলাকার মাজেদা (২৯)। তারা বর্তমানে ফতুল্লার লামাপাড়া হাজী ইমান আলীর বাড়িতে বসবাস করছে। 

এজাহার সূত্রে জানা গেছে, বাদী ও গ্রেফতারকৃত আসামিরা ফতুল্লার লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকত। আসামিদের বাসা আর বাদীর বাসার পাশাপাশি হওয়ায় তারা প্রায় সময় বাদীর বাসায় আসা যাওয়া করত এবং শিশুটি আদর স্নেহ করতো। এরই মধ্যে গত ১২ জুন সকাল ১১টার  আসামি সুজন ও মাজেদা বাদীর বাসায় ঢুকে আদর করার ছলে ২ বছরের শিশু সন্তানকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা ফোন করে মুক্তিপণ  হিসেবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল ১৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে চাষাঢ়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের শিশু অপহরণকারী মো.সুজন মিয়া ও মাজেদাকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুকে উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।