মহাসড়কের পাশে ময়লার ভাগাড় করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, মহাসড়কের পাশে কোন ধরনের ময়লার ভাগাড় করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল্ড করতে হবে। আমরা ইতোমধ্যেই দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে এমন নির্দেশনা দিয়ে দিয়েছি।
রবিবার (১৪ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা গাউছিয়া এলাকায় ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করে সেখানে বৃক্ষ রোপণ শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রূপগঞ্জের ময়লার ভাগাড়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে জানিয়ে মীর শাহে আলম বলেন, তিনি আমাদেরকে নোটিশ করেছে এই কারণে আমরা এটি পরিদর্শনে এসেছি। ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। গত দুইদিন ধরে এ ময়লার ভাগাড় অপসারণের কাজ চলছে। পরবর্তীতে যাতে এখানে ময়লা না ফেলা হয় সেটির ব্যাপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নেবে।
বিদেশি অনেক কোম্পানি আছে যারা ময়লা আবর্জনা থেকে জৈব সার ও মিথাইন গ্যাস তৈরির করছে। যখন এই ময়লাকে পুনরায় সার অথবা গ্যাস তৈরির করে ব্যবহার করা হবে তখন ময়লা আবর্জনার সংখ্যা অনেকটা কমে যাবে।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।