অরিজিতের পথেই প্রীতম, ছাড়ছেন বলিউড!

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মতো বলিউডের সিনেমায় আর গান গাইবেন না বলে সাফ জানিয়ে দিলেন আরেক আলোচিত গায়ক  ও গীতিকবি প্রীতম। অরজিতের মতো তিনিও পশ্চিমবঙ্গের হলেও সাফল্য পেয়েছেন বলিউডে। মুম্বাই সিনেমার বহু শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তিনি। রবিবার (১৪ জুন) আর সেদিনই দিলেন বিদায়ের ঘোষণা। জানালেন, কয়েকটা বছর এবার নিজেকে দিতে চান। 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে প্রীতম লেখেন, ‘এবার নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই। এখন থেকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিলাম। নতুন সফরে পা রাখার সময় এসেছে; যে কাজগুলো এতদিন ফেলে রেখেছিলাম, সেগুলোই করব।’ 

এরপরই প্রীতম ইঙ্গিত দেন বলিউড ত্যাগের। লিখলেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ 

প্রীতমের বার্তায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি এখন থেকে বাণিজ্যিক ছবির গান করবেন না। বরং আত্মার সন্তুষ্টির জন্য নিজের মতো নিভৃতে গান করে যাবেন। যেমনটা করার কথা জানিয়েছেন অরিজিৎ সিংও।