বিরতি ভেঙে প্লে-ব্যাকে সোনু-শ্রেয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও সোনু নিগম লম্বা বিরতি ভেঙে আবার গান গাইছেন একসঙ্গে। বলিউডের আসন্ন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকম’-এর রোমান্টিক গান ‘মেরি জান’-এ শোনা যাচ্ছে শ্রেয়া ও সোনুর কণ্ঠ। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত এই ছবির গান ইতিমধ্যেই নজর কেড়েছে শ্রোতাদের। ছবিটি আগামীকাল ১৫ অক্টোবর মুক্তি পাবে ৷ 

ছবির নির্মাতা ‘মেরি জান’ শুধুমাত্র একটি প্রেমের গান নয়, বরং সম্পর্কের ছোট ছোট মুহূর্ত, একে অপরের প্রতি নির্ভরতা এবং একসঙ্গে জীবন কাটানোর আনন্দকে তুলে ধরেছে। গানের দৃশ্যায়নে রাজকুমার ও ওয়ামিকার চরিত্রের বিয়ের মুহূর্ত থেকে শুরু করে দাম্পত্য জীবনের নানা মিষ্টি মুহূর্ত ফুটে উঠেছে। কখনও চোখের চাহনিতে প্রেমের প্রকাশ, কখনও একে অপরের সঙ্গে খুনসুটি, আবার কখনও পাশাপাশি পথ চলার দৃশ্য—সব মিলিয়ে গানের ভিডিওতে রয়েছে এক উষ্ণ রোম্যান্টিক আবহ। ছবিতে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। তাদের পর্দার রসায়ন গানের আবেগকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। 

নতুন গানটি নিয়ে উচ্ছ্বসিত শ্রেয়া ঘোষালও। তাঁর কথায়, ‘তুঝ মে বসি মেরি জান’ ভালবাসা, সঙ্গ এবং সম্পর্কের সেই ছোট ছোট মুহূর্তের উদযাপন, যা দু’জন মানুষের বন্ধনকে আরও গভীর করে তোলে। সোনু নিগমের সঙ্গে আবার গান গাওয়ার অভিজ্ঞতাও তাঁর কাছে আলাদা আনন্দের। শ্রেয়া আরও জানিয়েছেন, রাজকুমার ও ওয়ামিকার পর্দার রসায়ন  গানটিকে আরও বিশেষ করে তুলেছে। শ্রোতারাও গানটি শুনে আনন্দ পাবেন বলেই তার আশা।

 

অন্যদিকে, শ্রেয়ার সঙ্গে ফের কাজ করার সুযোগ পেয়ে খুশি সোনু নিগমও। তাঁর মতে, গানটি ভালবাসার সহজ অথচ সুন্দর অনুভূতিকে উদযাপন করে। শ্রেয়ার কণ্ঠের সংবেদনশীলতা গানের আবেগকে আরও গভীর করে তুলেছে। দুই শিল্পী মিলে এমন একটি সুর তৈরি করার চেষ্টা করেছেন, যা শ্রোতাদের মনে দীর্ঘদিন থেকে যাবে। 

গানটির সুর তৈরি করেছেন প্রীতম। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। পাশাপাশি গানে রয়েছে মারাঠি ভাষার অংশ, যার কথা লিখেছেন অমেয়া দয়াল। গানটি প্রযোজনা করছে টি-সিরিজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত