ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়ভিত্তিক গান গেয়ে শ্রোতাদের কাছে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন ফোক ও আধুনিক গানের শিল্পী রোজিনা আক্তার। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপ ফুটবল উন্মাদনা নিয়ে একাধিক গান প্রকাশ করছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী। বিশ্বকাপ শুরুর আগেই গত ১০ জুন প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘প্রিয় আর্জেন্টিনা’ শিরোনামের একটি গান। সুরের আলো বিডি ইউটিউব চ্যানেল (surer alo bd YouTube chanal )-এ প্রকাশ পাওয়া গানটি এখন অনেকের মুখে মুখে।
প্রথম গানের পর একই চ্যানেল থেকে বৃহস্পতিবার ( ১৮ জুন) অবমুক্ত করা হবে ‘বিশ্বকাপের তুফান ঝড়ে’ নামের আরও একটি গান। ডক্টর মহসিন আলীর কথায়, এস আই শফিকের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। এরপর প্রকাশ পাবে আরেক গান ‘মেসি নেইমারে জাদু ছড়ায়’। এই গানেরও কথা লিখেছেন ডক্টর মহসিন আলী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ।
রোজিনা জানালেন, এবারের বিশ্বকাপের একাধিক গানে কণ্ঠ দিয়েছি, আমার বেশ ভালো লাগছে, গানগুলোর কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে। বরাবরের মতো এবারও গানগুলো মনের মাধুরী দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস দেশের ফুটবলপ্রেমী ও আমার ভক্তদের হৃদয় ছুঁয়ে যাবে এসব গান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের বড় একটা অংশ আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্ত। আমি নিজেও মেসির দলের সমর্থক। সবমিলিয়ে আরও বেশি আবেগ মিশিয়েছি কথা ও সুরের সঙ্গে। আশা করছি, সব ধরনের শ্রোতাদেরই ভালো লাগবে।
গানগুলো নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার ডক্টর মহসিন আলীও বেশ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, রোজিনা অনেক মিষ্টি এক মানুষ, তার গায়কীও মিষ্টি এবং অনেক সুরেলা। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেকটাই উচ্ছ্বসিত। আশা করি গান গুলো সবারই ভালো লাগবে।
রোজিনা আক্তারের কাছ থেকে জানা গেল, এরই মধ্যে আরও কয়েকটি গানের রেকর্ডিং প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে অন্যতম দুটি হলো ‘দাদা নাতনির রোমান্টিক ডুয়েট গান’ এবং ‘দাদা বিয়া দিয়া দাও তাড়াতাড়ি।’ শেষ গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন, বর্তমান সময়ের উদীয়মান কণ্ঠশিল্পী এস আই শফিক। গানটির কথা লিখেছেন ডক্টর মহসিন আলী, সুর করেছেন, এস আই শফিক। এছাড়া ‘যারে না দেখিয়া না চিনিয়া’ শিরোনামের একটি দেহতত্ত্ব ঘরানার গান করেছি। সবমিলিয়ে মৌলিক গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। গান নিয়ে অনেক স্বপ্ন আমার। শ্রোতাদের ভালোবাসায় বহুদূর এগিয়ে যেতে চাই।