গোপালগঞ্জে গোয়ালঘরে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন সন্তানের জননী শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (১৫ জিন) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
স্বামীর পরিবারের দাবি, শিল্পি বেগম আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে দীর্ঘদিন নির্যাতনের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
 
নিহতের ভাই ছারোয়ার কাজী অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার বোনের ওপর যৌতুকসহ বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন ভগ্নিপতি ইকবাল সিকদার।
 
তার দাবি, গতকাল রবিবার রাতে শিল্পি বেগমকে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করা হয়। পরে মরদেহ গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী ইকবাল সিকদার।
 
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।