গোপালগঞ্জ সদরে নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলা চরমানিকদাহ গ্রামের স্থানীয় একজনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শাহিন শেখ (১৮) পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, গত তিনদিন আগে সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তাকে পায়নি। শনিবার এলাকাবাসী মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখতে পেয়ে থানায় খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।