বিশ্বকাপ নাকি পিতৃত্বের স্বাদ, কী করবেন ডোকু

বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে মাঠে লড়াই করবেন, নাকি প্রথম সন্তানের জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকবেন? ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই এমন এক মধুর অথচ জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মুখোমুখি বেলজিয়ামের তারকা উইঙ্গার জেরেমি ডোকু ২৪ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি তারকার প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসতে যাচ্ছে চলতি বিশ্বকাপের মাঝেই। আর প্রথম সন্তানের জন্মের এই ঐতিহাসিক মুহূর্তে তিনি স্ত্রীর পাশে থাকতে চান, যা বেলজিয়াম দলের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

আজ সোমবার  সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বেলজিয়াম. এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোকু নিজেই তাঁর এই সন্তান জন্ম সংক্রান্ত টানাপোড়েনের কথা শেয়ার করেছেন। 

ডোকু সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর স্ত্রী শিরিনের সন্তান প্রসবের সম্ভাব্য সময় আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে, যখন বিশ্বকাপ টুর্নামেন্টটি কোয়ার্টার ফাইনাল পর্বে পৌঁছাবে।  বেলজিয়াম যদি সেই সময় পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকে, তবে ডোকু মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডোকু বলেন, “সবকিছু নির্ভর করছে ঘটনাটি ঠিক কখন ঘটছে তার ওপর। তবে এটি আমার প্রথম সন্তান, তাই আমি নিশ্চিতভাবেই সেই মুহূর্তে সেখানে উপস্থিত থাকতে চাই। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কী চাই, আমার উত্তর হবে—পৃথিবীর কোনো বাবা-ই তাঁর প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি মিস করতে চান না। তবে আমি এটাও জানি যে, ফুটবলের ক্ষেত্রে আরও অনেক বিষয় বিবেচনা করতে হয়।”

ডোকু আরও যোগ করেন যে, বেলজিয়াম ফুটবল ফেডারেশন সবসময় খেলোয়াড়দের পাশে থাকে এবং তাদের পারিবারিক পরিস্থিতি অনুধাবন করে। তাই ক্লাব ও ফেডারেশন মিলে মাঝপথে তাঁর দেশে ফেরার একটি ব্যবস্থা করবে বলে তিনি আশাবাদী।

বেলজিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ডোকুর ক্লাব ফুটবলের ঠিকানা ইংল্যান্ডে হওয়ায় তাঁর সন্তানের জন্মও সেখানেই হবে। আর তাই স্ত্রীর প্রসব বেদনা ওঠার সাথে সাথেই যাতে ডোকু দ্রুত আমেরিকা থেকে ইংল্যান্ডে উড়ে যেতে পারেন, সেজন্য ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিশেষ ‘প্রাইভেট প্লেন’ বা ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করে রাখা হচ্ছে।

বেলজিয়াম শিবিরে এই অদ্ভুত মধুর পরিস্থিতি কেবল ডোকুর একার নয়। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ব্র্যান্ডন মেচেলেও প্রায় একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। ডোকুর স্ত্রীর ডিউ ডেটের ঠিক এক সপ্তাহ পরেই মেচেলের স্ত্রীও তাঁদের সন্তান জন্মদানের অপেক্ষায় আছেন।