রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে ।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর ভাই বিধান বিশ্বাস জানান, তাদের বাড়ি চাঁদপুর মতলব উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। সে শান্তিনগর এলাকায় থাকে। চিটাগং রোডে ফুপুর বাসায় বেড়াতে গেছিল বিনোদ। রাতে সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শনির আখড়া এলাকায় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।